একই দিনে চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এই তিন বিশিষ্ট ব্যক্তি হলেন- চট্টগ্রামের প্রখ্যাত আলেম কাযী নুরুল ইসলাম হাশেমী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী লেদু।
মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের আহছানুল উলুম কামিল মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাযী নুরুল ইসলাম হাশেমীর। সর্বজন শ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্ব হাশেমীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একই দিন বেলা ১১ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী। বরেণ্য এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি মরহুম মো. কবির চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মরহুম কবির চৌধুরী একজন বিজ্ঞ আইনজ্ঞ ছিলেন, তার মৃত্যুতে আইন পেশার অপূরণীয় ক্ষতি হয়েছে।
এদিন দুপুরে মারা যান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমীরুল ইসলাম চৌধুরী লেদু। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ একজন নিবেদিত ব্যক্তিকে হারিয়েছে। দলের দুঃসময়ে তার সাহসী পদক্ষেপ আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
