কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উখিয়ার কুতুপালংয়ে মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় আরও ৯ রোহিঙ্গাকে আইসোলেশনে পাঠিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়। মৃতের পরিচয় প্রকাশ না করলেও ৭১ বছর বয়সী ওই ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন আরআরআরসি কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এই প্রথম কারও মৃত্যু হলো।
ডা. আবু তোহা বলেন, উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের একটি ব্লকের বাসিন্দা ৭১ বছর বয়সী ওই রোহিঙ্গা করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হন। পরে ৩০ মে এমএসএফ হাসপাতালে তিনি মারা যান। এরপর মৃতদেহের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার ওই রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট আসে। তাকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ওই রোহিঙ্গা করোনা উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এ কারণে মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা ৯ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
