গণপরিবহনে ভাড়া বৃদ্ধিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ

আপডেট : ০৩ জুন ২০২০, ০৫:৫৩ এএম

করোনার ‘প্রাদুর্ভাব’ চলাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাম সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ঝিনাইদহে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। এছাড়া বরিশালে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা কমিটি, খুলনায় গণতান্ত্রিক বাম জোট এবং যশোরে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঝিনাইদহ : পরিবহন খাতে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এইচএসএস সড়কের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, ‘করোনাকালে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি জনগণের মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।’ এ সময় ভাড়া বৃদ্ধি না করে ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বরিশাল : করোনা প্রাদুর্ভাবের মধ্যে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোয় কর্মহীন মানুষের ওপর নতুন বোঝা চাপানো হয়েছে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি। মঙ্গলবার বেলা ১১টা ও সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে ওই দাবি তোলেন তারা। বক্তারা বলেন, ‘দেশব্যাপী কভিড-১৯ করোনা সংক্রমণকালে দীর্ঘদিন গৃহবন্দি হয়ে থাকা মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করে। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ অবিলম্বে অতিরিক্ত ভাড়ার গেজেট প্রত্যাহারের দাবি জানান তারা।

খুলনা : করোনা পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন গণতান্ত্রিক বাম জোট খুলনা জেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নগরীর পিকচার প্যালেসের মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের ক্ষেত্রে গণমানুষের স্বার্থের বিপরীতে পরিবহন মালিকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে সারা দেশের লাখ লাখ মানুষ কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন। এমতাবস্থায় বাসের বর্ধিত ভাড়া মানা কারও পক্ষেই সম্ভব নয়।’

যশোর : করোনা প্রাদুর্ভাবে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমেছে তখন আমাদের বাস ভাড়া বেশি হয়েছে। কোথাও কোথাও সরকারি নির্দেশনার ৬০ ভাগেরও বেশি বাস ভাড়া নেওয়া হচ্ছে। দেশের এই অবস্থায় যা খুবই কষ্টকর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত