লালা ছাড়াও রিভার্স সুইং করানোর উপায় জানা শামির

আপডেট : ০৩ জুন ২০২০, ১১:৫০ পিএম

বল পালিশের জন্য লালা ব্যবহার না করেও রিভার্স সুইং আদায় করে নিতে পারবেন। এমনই আত্মবিশ্বাসী ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

করোনা সংক্রমণ রুখতে আইসিসি কিছুদিন আগেই বলে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় প্যাট কামিন্স, মিচেল স্টার্করা একরকম হা-হুতাশই করছেন। শামিও দীর্ঘ দিনের অভ্যাস বাদ দিতে হবে বলে একটু চিন্তিত।

তবে এও বলছেন, লালা ব্যবহার করেই হোক অথবা না করেই হোক, বলের মসৃণতা বজায় রাখতে পারলেই তিনি রিভার্স সুইং করাতে পারবেন।

রোহিত যুগলানের সঙ্গে ইনস্টাগ্রাম আলাপচারিতায় শামি বলেন, ‘কাজটা কঠিন হবে সন্দেহ নেই। ছেলেবেলা থেকে আমরা বলে লালা ব্যবহার করে আসছি। এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একজন পেসার নিজের অজান্তেই পালিশের জন্য বলে লালা লাগিয়ে বসে। তবে হ্যাঁ, যদি আপনি শুকনো বলের চকচকে ভাব বজায় রাখতে পারেন, অবশ্যই রিভার্স করাতে পারবেন।’

ভাইরাস সংক্রমণ এড়াতে বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ করলেও আইসিসি বলে ঘাম ব্যবহারের অনুমতি দিয়েছে। শামি মনে করেন লাল আর ঘাম বলে এক রকম প্রভাব ফেলে না। দুইটা ভিন্ন।

২৯ বছর বয়সী ডানহাতি পেসার বলেন, ‘লালা ও ঘাম বলে আলাদা প্রভাব ফেলে। আমার মনে হয় না ঘামের ব্যবহার খুব একটা লাভদায়ক হবে। আমি কখনো লালা ছাড়া বোলিং করার চেষ্টা করিনি। তবে এখন করোনা ভাইরাসের জন্য লালার ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত