ফেইসবুকের পর আরও তিন কোম্পানির আগ্রহ মুকেশের জিওতে

আপডেট : ০৪ জুন ২০২০, ০৫:১৫ এএম

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল প্ল্যাটফর্ম জিওতে ৫৭০ কোাটি ডলার বিনিয়োগ করছে ফেইসবুক। এবার শিল্পপতি মুকেশ আম্বানির এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে মধ্য এশিয়ার তিন বৃহৎ সংস্থা। আম্বানির সংস্থাটির সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই ওই তিন গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ হবে জিও প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আবুধাবির মুবাদালা ইনভেস্টমেন্ট নামে একটি প্রতিষ্ঠান ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ করতে পারে জিওতে। চলতি সপ্তাহেই ওই নতুন চুক্তির ঘোষণা আসতে পারে। এছাড়া আবুধাবিরই ইনভেস্টমেন্ট অথরিটি ও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মতো সংস্থার সঙ্গেও বিনিয়োগ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাসে জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৩৭১ কোটি রুপি। মধ্য এশিয়ার ওই তিনটি বড় কোম্পানির সঙ্গে চুক্তি হলে সেই অঙ্ক এক লাফে অনেকটা বাড়বে। এর আগে গত এপ্রিলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্মের প্রায় ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেইসবুক। বিশেষজ্ঞদের মতে, নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিসকে ব্যবহার করে ভারতে ডিজিটাল পেমেন্ট সার্ভিসকে চালু ও জনপ্রিয় করতে চাইছে ফেইসবুক। সেই লক্ষ্যেই জিওতে ফেইসবুকের এই বিনিয়োগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত