নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন। আর আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। গত বুধবার রাতে সেসব নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে নতুন আরও ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে করোনা পরীক্ষায় নমুনা দেওয়া মাধবদী শেখেরচরের ফুলতলা এলাকার রিতা পাল (৫৯) শনিবার দুপুরে নিজ বাড়িতে আইসোলেশন থাকা অবস্থায় মারা যান। আর রবিবার সকালে আনন্দী এলাকার আবদুল কাদের (৬৫) নিজ বাড়িতে আইসোলেশন থাকা অবস্থায় মারা যান। তাদের দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।
