করোনা বীর উপাধি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা আরোগ্য লাভ করেছেন। গতকাল শুক্রবার দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফলে তার কভিড-১৯ নেগেটিভ আসে। তবে এবারো পরীক্ষায় খোরশেদের পজিটিভ এসেছে। সন্ধ্যায় মুঠোফোনে খোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমার পজিটিভ এলেও আল্লাহর অশেষ রহমতে স্ত্রী লুনা করোনামুক্ত হয়েছে। তবে ফুসফুস আক্রান্ত হওয়ায় সে আরও কিছুদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকবে।’ তিনি স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করায় স্থানীয় সাংসদ শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল পর্যন্ত খোরশেদের টিম করোনায় মৃত ৭২ জনকে দাফন করেছে। সুস্থ হয়ে আবার সশরীরে টিমে যোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
করোনাকালে মানবিক কর্মকাণ্ড ও মরদেহ দাফন করে দেশ-বিদেশে পরিচিতি পাওয়া খোরশেদ গত ৩০ মে করোনায় আক্রান্ত হন। আর তার স্ত্রী লুনা আক্রান্ত হয়েছিলেন ২২ মে।
