কোম্পানির বোর্ডে নিজের পদে কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নিয়োগ দিতে রেডিটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও অ্যালেক্সিস ওহানিয়ান পদত্যাগ করেছেন।
ওহানিয়ানের আরেকটা পরিচয় আছে। তিনি টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের স্বামী। ২০১৭ সালে তাদের সংসারে কন্যা সন্তানের জন্ম হয়। সেই থেকে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ মেয়ের বাবা বলে পরিচয় দেন।
যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে চলা আন্দোলনে সংহতি প্রকাশ করতে পদত্যাগের কথা জানিয়েছেন বিভিন্ন সংবাদ ও অন্যান্য বিষয় নিয়ে আলাপের সাইট রেডিটের এই কর্মকর্তা।
ওহানিয়ান তার জায়গায় একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নিয়োগের আহ্বান জানিয়েছেন নিজের প্রতিষ্ঠিত কোম্পানিকে।
‘ আমি বিশ্বাস করি এই মুহূর্তে পদত্যাগ নেতৃত্বেরই কাজ হবে,’ মন্তব্য করে ওহানিয়ান বিবৃতিতে বলেন, ‘আমাদের ভেঙে পড়া জাতিকে ঠিক করতে সবার লড়াই প্রয়োজন। কেউ থেমো না।’
শুধু পদত্যাগ আর কৃষ্ণাঙ্গ কর্মীকে নিয়োগের ঘোষণা দিয়েই থামেননি ওহানিয়ান। জানিয়েছেন, কোম্পানির স্টকে যে মূলধন আছে তা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মানুষের পেছনে বিনিয়োগ করবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, রেডিটের বর্তমান স্টক মূলধন ৫০ মিলিয়ন ডলার হতে পারে।
ঘোষণার পরপর কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কাজ করা এক সংগঠনকে তিনি ১ মিলিয়ন ডলার দানও করেছেন।
ওহানিয়ান ২০১৮ সালে রেডিটের নিয়মিত কার্যক্রম থেকে পদত্যাগ করেন। কিন্তু বোর্ডে থেকে যান।
পদত্যাগের পর বিভিন্ন সময়ে নিজের করা প্রতিবাদের কারণ হিসেবে টুইটারে লিখেছেন, ‘আমি এসব বলি এমন একজন পিতা হিসেবে, কৃষ্ণাঙ্গ মেয়ের প্রশ্নের জবাবে যাকে উত্তর দেয়ার সক্ষমতা রাখতে হয়।’
