গাড়ির ভেতর শিশুকে একা ফেলে যাওয়া একটা অপরাধ বলে অভিভাবকদের সতর্ক করেছে দুবাইয়ের পুলিশ। এটি করলে তাদের জেল-জরিমানা হতে পারে বলেও জানিয়েছেন তারা।
গাড়ির ভেতর বাচ্চাদের একা রেখে অনেক সময় অভিভাবকেরা আশপাশে ঘুরতে যান। এমন ঘটনায় গত কয়েক বছরে বিভিন্ন দেশে বেশ কয়েকটি শিশুর নির্মম মৃত্যুর খবর পাওয়া যায়।
গাড়িতে বাচ্চাদের একা রেখে গেলে খেলতে খেলতে তারা এসি বন্ধ করে দিতে পারে। তাতে দম আটকে মারা যাওয়ার শঙ্কা থাকে। ঘটতে পারে আরও অনেক দুর্ঘটনা।
দুবাই পুলিশ বলছে, ‘অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে। এগুলো পারিবারিক অবহেলা হিসেবে বিবেচিত হয়। এই ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। শিশুদের নিরাপত্তা পিতা-মাতাকেই নিশ্চিত করতে হবে।’
