নিজের শিশুসন্তানের কারণে পার পেল না হত্যাকারী এক মা। অপর এক শিশুকে হত্যা করে লুকিয়ে রাখার ঘটনাটি দেখে ফেলে অন্যদের কাছে হত্যাকারী মাকে ধরিয়ে দিয়েছে শিশুটি।
শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা।
চাঁদপুরের শাহরাস্তিতে জান্নাতুল মাওয়া নামে ৫ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার পর পাশের ডোবাতে লুকিয়ে রেখেছিলেন গৃহকর্মী ফাতেমা আক্তার (২৫)। ঘটনার দুই ঘণ্টার মধ্যে হত্যাকারী গৃহকর্মীকে ধরিয়ে দেয় তারই সাত বছরের সন্তান আরমান।
নিহত শিশু জান্নাতুল বলশিদ তালুকদার বাড়ির মৃত আক্তার হোসেনের মেয়ে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জান্নাতুল মাওয়াকে বাড়ির গৃহকর্মী ফাতেমা আক্তার গলা টিপে হত্যার পর হাত-পা বেঁধে পাশের একটি ডোবায় লুকিয়ে রাখে। বিষয়টি ফাতেমার ৭ বছরের একমাত্র ছেলে আরমান দেখে ফেলে।
জান্নাতুল মাওয়ার নানি আনোয়ারা বেগমসহ বাড়ির লোকজন বিষয়টি আরমানের কাছ থেকে জানতে পেরে ওই ডোবা থেকে শিশু জান্নাতুলের লাশ উদ্ধার করেন। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
শাহরাস্তি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, হত্যার বিষয়ে ফাতেমা মুখ না খুললেও তার ছেলে আরমান এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। ফাতেমাকে আটক করা হয়েছে। থানায় জান্নাতুল মাওয়ার মা কাজল রেখা বাদী হয়ে মামলা করেছেন।
