যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। ক্রীড়া তারকারাও আওয়াজ তুলেছেন এই আন্দোলনে।
ক্রিস গেইল কদিন আগে দাবি করেছিলেন, গায়ের রং কালো বলে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলতে গিয়ে তাকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। ড্যারেন স্যামি আইসিসিকে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার দাবি জানিয়েছিলেন। এবার তো আইপিএলের দিকে আঙুলই তুললেন ওয়েস্ট ইন্ডিজকে দু-দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক।
বলছেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছেন।
ইন্সটাগ্রাম স্টোরিতে স্যামি লেখেন, ‘আমি এখন জানতে পারলাম যে, ‘কালু’ মানে কী। যখন আমি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতাম, তখন আমাকে ও (থিসারা) পেরেরাকে এই নামে ডাকত ওরা। আমি ভাবতাম এর মানে তেজি ঘোড়া। আমার আগের পোস্ট আমাকে অন্যভাবে বর্ণনা করেছে এবং আমি রেগে আছি।’
বাংলা বা হিন্দিতে ‘কালু’ শব্দের মানে কালো মানুষ। সেটা জানতে পারার স্যামির এই প্রতিক্রিয়া।
