স্ত্রী-কন্যাসহ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় ইমাম গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০২০, ০২:৪১ পিএম

পাবনার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তানভীরের স্বীকোরোক্তি অনুযায়ী তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র আর লুট করা অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তার হওয়া তানভীর নওগাঁ জেলার মহাদেবপুর থানার হরিপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

রবিবার পাবনা জেলা পুলিশ লাইনস অডিটোরিয়ামে হত্যাকাণ্ডের বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ফায়ার সার্ভিস স্টেশন লাগোয়া পুরনো দ্বিতল একটি বাড়ির নিচ তলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিঃসন্তান আব্দুল জব্বার তার স্ত্রী সুম্মা খাতুন ও পালিত মেয়ে সানজিদাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন।

মসজিদে নামাজ পড়তে আসা আব্দুল জব্বারের সাথে পরিচয়ের সূত্র ধরে ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর ঐ দম্পতির সাথে সুসম্পর্ক তৈরি করে ছেলের মতো মিশতে থাকেন।

বাড়ির বাজার থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেনের বিভিন্ন বিষয়ও আব্দুল জব্বার তার সাথে পরামর্শ করতেন। কৌশলী তানভীর তাদের বিশ্বাস অর্জন করে মাঝে মাঝে ঐ বাড়িতে রাত্রী যাপনও করতেন।

সম্পত্তির লোভে তানভীর তাদের হত্যার পরিকল্পনা করেন।

গত ৩১ মে তানভীর রাত্রী যাপনের উদ্দেশ্যে ঐ বাড়িতে যান। রাতের খাবারের পর পারিবারিক আলাপ শেষে আব্দুল জব্বারের সাথে ঘুমিয়ে পড়েন। পরিকল্পনা অনুযায়ী মাঝরাতে ঘুম থেকে উঠে ঘুমন্ত আব্দুল জব্বারকে শ্বাসরোধ করে হত্যা করে, পাশের ঘরে ঘুমিয়ে থাকা সুম্মা খাতুন ও সানজিদাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

হত্যার পর আলমারি খুলে নগদ দুই লাখ টাকা, এক লাখ ভারতীয় রুপী ও সোনার গহনা নিয়ে গ্রামের বাড়ী নওগাঁর মহাদেবপুরে চলে যান। হত্যাকাণ্ডের চার দিন পর ৫ জুন ঐ বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সুম্মা খাতুনের ভাই আব্দুল কাদেরের পাবনা সদর থানায়ে দায়ের করা হত্যা মামলায় তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত