ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে করোনাভাইরাসে মোট আক্রান্ত ও অঞ্চলভিত্তিক সংক্রমণের বিস্তারিত তথ্য। কর্র্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এখন থেকে শুধু দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাই প্রকাশ করা হবে। আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছে বিবিসি।
সরকারি হিসাব অনুযায়ীই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের অবস্থান বিশ্বের দ্বিতীয় এবং মৃত্যুর হিসাবে তৃতীয়। তবে দেশটিতে আক্রান্ত-মৃত্যুর প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। আর এমন ভয়াবহ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর খামখেয়ালি সিদ্ধান্তকেই দায়ী করছেন সমালোচকরা।
ওয়েবসাইট থেকে সংক্রমণ ও মৃত্যুর বিস্তারিত তথ্য কেন সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে কিছু বলেননি প্রেসিডেন্ট বোলসোনারো।
