করোনায় বিএনপি নেতা আহসানউল্লাহ হাসানের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২০, ০৫:৪১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আহসানউল্লাহ হাসান স্ত্রী রিনা হাসান, দুই ছেলে সোহরাব আল হাসান ও সাকিব আল হাসানকে রেখে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তায় হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির পররাষ্ট্র উইংয়ের সদস্য তাবিথ আউয়াল মিন্টু।

মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘হাসান ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাত ৯টা ৪০ মিনিটে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সকাল থেকেই তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। দ্রুত তাকে গ্রামের বাড়ি থেকে এনে অনেক চেষ্টা-তদবির করে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুদিন আগে আহসানউল্লাহ হাসানের করোনা শনাক্ত হয়। রাজধানীতে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আশুলিয়ায় গ্রামের বাড়ি মশুরিখোলায় আইসোলেশনে চিকিৎসায় ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত শনিবার কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ ও ভেন্টিলেটরের কোনো ব্যবস্থা না থাকায় তাকে পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রবিবার সকালে তাকে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ ও ভেন্টিলেটরের জন্য রাজধানীর ছোট-বড় সব হাসপাতালে গত দুদিন অনেক চেষ্টা করা হয়েছে। কোথাও চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি।

একাদশ নির্বাচনে আহসানউল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা সিটি করপোরেশনে মিরপুর-৬ নং ওয়ার্ডে টানা তিন দফায় নির্বাচিত কমিশনার ছিলেন। ওয়ান-ইলেভেনের পর অবিভক্ত ঢাকা সিটির প্যানেল মেয়র হিসেবে মাসখানেক দায়িত্ব পালন করেন হাসান। ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্তির পর ২০১৭ সালে মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান হাসান। তার মৃত্যুর খবরে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত