করোনা পরিস্থিতিতে ২ মাস ১৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট এলাকার শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে গতকাল সোমবার বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত হয়।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০ জন করে বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বাংলাদেশি ব্যবসায়ী দলে পক্ষে ব্যবসায়ী মো. রুহুল আমীন বাবুল ও ভারতীয় ব্যবসায়ী দলে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল সাহা নেতৃত্ব দেন।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল বলেন, আলোচনা সাপেক্ষে শতভাগ স্বাস্থবিধি মেনে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত হয়েছে। স্থলবন্দরে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য নিরাপত্তার সব উপকরণ রেখে বন্দর পরিচালনা করা হবে বলে জানান তিনি।
