স্বাস্থ্য সচিবের পর সরানো হলো ২ অতিরিক্ত সচিবকে

আপডেট : ০৯ জুন ২০২০, ০৬:০৮ এএম

করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের বদলির চার দিনের মধ্যে বদলি করা হলো একই বিভাগের দুই অতিরিক্ত সচিবকে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন) মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব বদলিসংক্রান্ত একাধিক আদেশ জারি করা হয়।

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। তার পদে নিয়োগ পান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।

সাধারণত বড় ধরনের কোনো অভিযোগ না থাকলে মহামারীর মধ্যে সংশ্লিষ্ট কাউকে বদলি করা হয় না। এসব বদলি তাই বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন। করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চিকিৎসাব্যবস্থা ও মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা নিয়ে সমালোচনা হয়। এতে বিভিন্ন মহল থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবি ওঠে।

গতকাল প্রশাসনে আরও একজন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস হিসেবে নিয়োগ পেয়েছেন বিয়ামের পরিচালক মো. মাহবুব উল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত