ঢামেক করোনা ইউনিটে ৩৯ দিনে ৫২৩ জনের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ০৬:৫৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মৃত্যু বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। গত সাত দিনে এই সংখ্যা ১২৩ জন। সব মিলে গত ২ মে থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩৯ দিনে করোনা ইউনিটে ৫২৩ জনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তারা বলছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উপসর্গ নিয়ে রোগী এখানে আসছেন। মৃতদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে অনেকের পজিটিভ; অনেকের নেগেটিভ এসেছে। আসলে বেশিরভাগ রোগী বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষ মুহূর্তে এখানে আসেন। তখন চিকিৎসকদের আর কিছুই করার থাকে না। অবশ্য করোনা ইউনিটে আসা রোগী, তাদের ও মৃতদের স্বজনরা বলছেন গুরুতর রোগীদেরও এখানে সময়মতো চিকিৎসা সেবা দেওয়া হয় না।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মুজিবুর রহমান বলেন, ‘আমাদের এখানে করোনা রোগী আসার হার বহুগুণ বেড়ে গেছে। অবস্থা এমন শয্যা পাচ্ছেন না। এখনই স্বাস্থ্যবিধি না মানলে আরও রোগী বাড়বে।’

ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘২৫০ শয্যার বার্ন ইউনিটে প্রথম করোনা ইউনিট চালু করা হয়। পরে ১৬ মে নতুন ভবনে ৫০০ শয্যার আরেকটি ইউনিট চালু করা হয়। এখানে কভিড-১৯ পজিটিভ ও উপসর্গ নিয়ে আসাদের  পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ছাড়া গত ১০ মে করোনা আক্রান্ত শিশুদের জন্য আলাদা ইউনিট চালু করা হয়। হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার বলেন, ‘এখানে বর্তমানে ৯ শিশু চিকিৎসাধীন। এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।’

সার্বিক বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘বেশিরভাগ ক্রিটিক্যাল রোগী এখানে ভর্তি হচ্ছেন। এজন্য মৃত্যুহার বেশি। তবে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের অধিকাংশই বয়স্ক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত