সরকারকে প্রতিশ্রুতি দিয়েও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারী জনগণের কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় এ কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকালীন গণপরিবহনে ভাড়া পুনর্বিন্যাসে চট্টগ্রামসহ কয়েক স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ভাড়া যারা আদায় করে তারা এই সংকটে গণদুশমন বলে পরিচিত হবে। তারা জনগণের কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। এই সংকটে তারা সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়া চাপাচ্ছে।’
তিনি আর বলেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করে যারা ভাড়া আদায় করছেন তাদের অভিনন্দন জানাই। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন সারা দেশে তাদের দলের নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলতে চাই কোথায়, কাদেরকে গ্রেপ্তার করা হলো তার তালিকা দেন। কোথায় মিথ্যা-মামলা দেওয়া হচ্ছে, স্পেসিফিক তথ্য দিন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুড়বেন না। মানুষের ক্ষুধার হাহাকার আপনারা কোথায় দেখতে পাচ্ছেন? আসলেই আপনাদের হৃদয়েই ক্ষমতার ক্ষুধা। সেই ক্ষুধার তীব্রতায় আপনাদের হৃদয়ে হাহাকার করছে। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় আপনাদের গা জ্বালা করছে।’
তিনি বলেন, ‘সরকার সংক্রমণ রোধে নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সংক্রমিত এলাকাসমূহকে সংক্রমণের মাত্রা অনুযায়ী বিভিন্ন জোনে ভাগ করা হচ্ছে। আরোপ করা হচ্ছে কড়াকড়ি। আমি সবাইকে ধৈর্যের সঙ্গে সরকারের গাইডলাইন প্রতিপালনের আহ্বান করছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা, অপরদিকে করোনাজনিত অসহায় দরিদ্র মানুষের সুরক্ষা। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই চ্যালেঞ্জ উত্তরণে শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় জনগণের আস্থা রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে বলব, সরকারকে ঠেকাতে গিয়ে দেশকে ঠেকাতে যাবেন না। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। সরকারের সস্তা সমালোচনা না করে রাজনৈতিক দল হিসেবে নিজেদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করুন।’
