দিনাজপুরে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ০২:২৫ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ থানায় এনামুল হক (৪৬) নামে এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে তিনি রাস্তায় মারা যান।

বীরগঞ্জ থানা পুলিশ জানায়, কনস্টেবল এনামুল হক গত মাসে অসুস্থতাবোধ করেন। পরে তিনি করোনা পরীক্ষা করার জন্য নমুনা দেন।

চলতি মাসের গত ২ তারিখে পুলিশ সদস্য এনামুল হকের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতেই বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে পরদিন (৩ জুন) তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কয়েকদিন থাকার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার গভীর রাতে এনামুল হককে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার সকালে ঢাকা পৌঁছানোর আগেই রাস্তায় পুলিশ সদস্য এনামুল হকের মৃত্যু হয়।

ঢাকা থেকে ওই মৃত পুলিশ সদস্যের লাশ নিয়ে এসে তার গ্রামের বাড়িতে দাফন-কাফন করা হবে বলে জানা গেছে।

মৃত পুলিশ কনেস্টেবল এনামুল হকের গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গইছপাড়া গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ‘বীরগঞ্জ থানায় কর্মরত এনামুল হক করোনা আক্রান্ত ছিলেন, সেই সাথে তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। লাশ দাফন-কাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত