আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের জন্য তৈরি অ্যান্টিজেন কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্যের জিআর কভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. অধ্যাপক মুহিব উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, ‘বিএসএমএমইউর অনুরোধে বাড়তি চাহিদা অনুসারে আমরা গণস্বাস্থ্য কর্র্তৃপক্ষ গত মঙ্গলবার সকালে ৯০টি অ্যান্টিবডি কিট সরবরাহ করেছি। এছাড়া আজ বৃহস্পতিবারের মধ্যে আমরা স্যালাইভা কালেকশান ডিভাইস দিতে পারব। আমরা বিএসএমএমইউ কর্র্তৃপক্ষকে যথা শিগগিরই অ্যান্টিবডি কিটের ফলাফল জমা দিতে পুনরায় বিশেষভাবে অনুরোধ করেছি।’
গত ২ জুন এক চিঠিতে বিএসএমএমইউকে অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছিল গণস্বাস্থ্য। পরে বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ আরও ১০০টি অ্যান্টিবডি কিট গণস্বাস্থ্যকে দেওয়ার জন্য চিঠি দেয়। তারই পরিপ্রেক্ষিতে গণস্বাস্থ্য গত মঙ্গলবার বিএসএমএমইউকে ৯০টি অ্যান্টিবডি সরবরাহ করে।
