খাগড়াছড়িতে আমবোঝাই যানবাহন থেকে পথে পথে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি ফলবাগান মালিক সমিতি এবং মারমা ফলদ বাগান মালিক সমিতি। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগৎ জীবন চাকমা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাগড়াছড়িতে আমের গাড়ি থেকে পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, বাজার ফান্ড আলাদাভাবে শিডিউলের মূল্য তালিকার অতিরিক্ত টোল আদায় করছে। এতে করে এ জেলা থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত ১২-১৫ হাজার টাকা ব্যয় হয়। টোল আদায়ে হয়রানির কারণে জেলার বাইরের ব্যবসায়ীরা এখানে আসতে অনীহা প্রকাশ করায় এ বছর পাহাড়ের আমবাগান মালিকরা ক্ষতির মুখে পড়বেন। সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমা, মারমা ফল বাগান মালিক সমিতির সভাপতি বাবুশ্যি মারমা ও সাধারণ সম্পাদক মংচিং মারমা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেন, টোল কেন্দ্রগুলো ইজারা দেওয়া হয়েছে।
