দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত : সেনাপ্রধান

আপডেট : ১২ জুন ২০২০, ০৩:৩৩ এএম

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় দেশকে সেবা দিতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোনো কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্টগ্রামের জলাবদ্ধতার মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে।

তিনি গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, সুপেয় পানির সংকটেও সহায়তা করতে প্রস্তুত আছে সেনাবাহিনী। সংশ্লিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হবে। এ ছাড়া ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। জাতীয় যেকোনো কাজে আমরা হ্যাঁ বলি। সেনাবাহিনীর ওপর জনগণ ও সরকারের আস্থা আছে, তাই আমরা গর্বের সাথে সরকারের দেয়া নির্দেশনামতো বিশেষ পরিস্থিতিতে কাজ করে যাচ্ছি।

দুর্যোগের সময় সেনাবাহিনী উপদ্রুত এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছে। এবার জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী গর্ভবতী মহিলাদের চিকিৎসাসেবার কাজ হাতে নিয়েছে। দেশের বিভিন্ন জেলায় গতকাল থেকে চিকিৎসার পাশাপাশি ওষুধ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা দেবেন মেডিকেল কোরের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত