আগামীতে চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়া করতে বেশি অর্থ ব্যয় করতে হবে। কারণ চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়ার ওপর সম্পূরক শুল্ক আরও ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবে এমন কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করার প্রস্তাব করেছেন। এতে আগামীতে চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়া আরও বাড়ছে।
এছাড়া বাড়ছে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফিও। কার ও জিপের রেজিস্ট্রেশনসহ এ দুটি বাহনের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ) প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
