গত ৫ জুন নিজের ইউটিউব চ্যানেলে ‘কালো মানুষ’ নামের গানটি প্রকাশ করেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। ছয়দিনে গানটির ভিউ তিন হাজারও পার করেনি! ভিউ’র বাজারে এই দায় অবশ্য সায়ানের নয়। সায়ান শুধু বরাবরের মতো এবারও তার কণ্ঠ তুলেছেন প্রতিবাদের সুরে, বর্ণবাদের বিরুদ্ধে। গান শুনে ‘বুকের ভেতরটা নাড়িয়ে দেওয়া এই গান বেঁধেছেন সায়ান’- এমন ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী সায়ানের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন শোবিজের প্রিয় মুখ, প্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার কাছ থেকে এমন প্রশংসা মেলা ভার! বলার ক্ষেত্রে তিনি বরাবরই খুব হিসেবি। শুধু সায়ানের গানের পক্ষে এক লাইন লিখেই থামেননি, তিনি সংহতি প্রকাশ করেছেন বিশ্বজুড়ে চলা জর্জ ফ্লয়েড হত্যা-প্রতিবাদ আন্দোলনের সঙ্গেও। জয়া লিখেছেন, ‘গায়ের রং কালো, শুধু এই অপরাধে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে মেরেছে আমেরিকার সাদা চামড়ার পুলিশ। এতগুলো সভ্যতা পার হয়েও কত নিষ্ঠুর পথ ধরে যে বিভেদ আসে! এই বিভেদ ধর্মের, বর্ণের, রঙের, জাতির, শ্রেণির, নারী-পুরুষের। এই ভেদরেখা আমরা পার হব নিশ্চয়ই, একদিন। সালাম, ভেদরেখা পার হওয়া আগামীর মানুষদের প্রতি।’ জয়া আহসানের মতো এমন অনেক মানুষের বুক কেঁপেছে- সম্ভবত সায়ানের প্রশান্তিটাও এখানেই। সায়ান বলেন, ‘ধরে নিয়েছি, আমরা খুব সভ্য হয়ে গেছি। কিন্তু জর্জ ফ্লয়েড হত্যার মতো একেকটি ঘটনা মনে করিয়ে দেয়, না আমরা তা হতে পারিনি। জাতি হিসেবে, নাগরিক হিসেবে, নারী বা পুরুষ হিসেবে নানা বৈষম্য আমাদের ভেতর রয়ে গেছে আজও। মানুষ হিসেবে নানা রকম গর্ব করার চেয়ে আমাদের উচিত নিজেকে আরও পরিশীলিত করে নেওয়া। এ ভাবনা থেকেই গানটা করা।’
×
