গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

‘লিখিত অভিযোগ করা হলেও নথিভুক্ত করেনি পুলিশ’

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:২৭ এএম

জয়পুরহাট সদরে যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে (৩২) আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর স্বজনদের দাবি, উপজেলার চক-বরকত এলাকার ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও তা নথিভুক্ত করেনি পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার পুলিশ জানায়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ফের তদন্তের পর ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, বেলাল কসাই (৪০) নামে অভিযুক্ত ওই যুবক জয়পুরহাট সদরের ধলাহার এলাকার বাসিন্দা। আর ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলার সাহাপুর কলোনি এলাকায়। 

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গত ৪ জুন স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি ধামুরহাটে চলে আসেন ওই নারী। এরপর স্বামীর মারধর থেকে রক্ষা পেতে কথিত এক কবিরাজের সন্ধান দেয় তার পূর্বপরিচিত বেলাল। পরদিন সকালে কবিরাজের বাড়ি যাওয়ার পথে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে চক-বরকত এলাকার চাঁদপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে তাকে আটকে রাখে বেলাল। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে টানা তিনদিন ধরে ওই নারীকে ধর্ষণ করে সে। গত সোমবার বিকেলে কৌশলে সেখান থেকে পালায় ওই নারী। পরদিন জয়পুরহাট সদর থানায় অভিযোগ করতে গেলে তাকে ধামুরহাট থানায় পাঠানো হয়। এরপর সেখানে থেকে ফের জয়পুরহাট সদর থানায় পাঠানোর পর তার অভিযোগ নেওয়া হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান দেশ রূপান্তরকে বলেন, ‘একজন অফিসারকে দিয়ে তদন্ত করানোর পর ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আরও ভালো করে তদন্ত করা হবে। অভিযোগ সত্য হলে তখন ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত