সুশান্তের মামার দাবি, ‘আত্মহত্যা নয়, খুন হয়েছেন সুশান্ত’

আপডেট : ১৫ জুন ২০২০, ১২:০০ এএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ১৪ জুন আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

এদিকে সুশান্ত সিংয়ের মামা আর সি সিং দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর সি সিং গণমাধ্যমকে জানিয়েছেন, সুশান্তের মতো এমন অভিনেতা আত্মহত্যা করতেই পারেন না। এ ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সুশান্ত সিং আত্মহত্যা করেছেন বলে তার বিশ্বাসই হয় না বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, রাজ্য পুলিশের ওপর তার কোনো বিশ্বাস নেই। এ কারণে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে এ ঘটনার তদন্ত দাবি করেছেন আর সি সিং।

আর সি সিং অভিযোগ করেছেন, কয়েক দিন আগে সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেছেন বলে যে দাবি জানানো হয়েছে, সেটাও আসলে হত্যাকাণ্ড।

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে স্তম্ভিত হয়ে পড়েছে বলিউড পাড়া। এ শোকের ছায়া নেমেছে গোটা ভারতে। যেন শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সুশান্তের সহকর্মী অভিনয়শিল্পী থেকে রাজনৈতিক নেতা, ক্রিকেটারসহ সর্বস্তরের মানুষ। তারা বলছেন, সুশান্ত যে গতিতে এগিয়ে চলছিলেন, তার অনেক দূর যাওয়ার সামর্থ্য ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত