ঢাকা-গুয়াংজু ফ্লাইট বন্ধের নির্দেশ চীনের

আপডেট : ১৫ জুন ২০২০, ০৫:৫৬ এএম

ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হওয়ায় চায়না সাউদার্ন এয়ারলাইনসকে আগামী চার সপ্তাহ ঢাকা-গুয়াংজু ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীন। গতকাল রবিবার বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, চীনের সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইটটি স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আর এ কারণে আগামী ২২ জুন থেকে চার সপ্তাহ সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার। ফলে এই চার সপ্তাহ তারা ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করতে পারবে না।

বেবিচকের এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার চায়না সাউদার্ন এয়ারলাইনসের ঢাকা থেকে গুয়াংজুগামী একটি ফ্লাইট ১৭ জন চীনের নাগরিককে দেশে নিয়ে যায়। পরে তাদের করোনা শনাক্ত হয়। আর এই কারণে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত