ফরিদপুরে গৃহকর্তাকে হত্যা করে ডাকাতি

আপডেট : ১৫ জুন ২০২০, ০২:৩৪ পিএম

ফরিদপুরে ডাকাতের হাতে খুন হয়েছেন এক গৃহকর্তা। ডাকাতদল ওই গৃহকর্তাকে খুন করে বাড়ির মালামাল লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবুল খাঁ (৮০)।

নিহতের মেয়ে মৌসুমী আক্তার জানান, রাত ১১টার দিকে মুখোশ পরিহিত ৩ থেকে ৪ জনের একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তাদের হাত-পা বেঁধে মুখের মধ্যে কাপড় গুঁজে ফেলে রাখে।

তিনি জানান, তার বৃদ্ধ বাবার মুখে ডাকাতেরা গেঞ্জি কাপড় ঢুকিয়ে হাতপা ও মুখ বেঁধে ফেললে তিনি দম বন্ধ হয়ে মারা যান।

সম্প্রতি আবুল খাঁ তার বাড়ির আম ও লিচু বিক্রি করে বেশ কিছু টাকা পান। এছাড়া স্বর্ণালঙ্কার ও দামি মালামালও ছিলো। গচ্ছিত সব কিছুই ডাকাতদল নিয়ে যায় বলে তার মেয়ে জানান।

খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে হাজির হন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান। তিনি ঘটনা সুষ্ঠু তদন্ত ও ডাকাতদলকে খুঁজে বের করার আশ্বাস দেন।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, ডাকাতদের ধরার বিষয়ে সকল ধরনের চেষ্টা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত