আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে অ্যাম্বুলেন্সেই সাংবাদিকের স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২০, ১০:২৮ পিএম

করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে ভর্তির অপেক্ষায় থাকা এক নারী আম্বুলেন্সেই মৃত্যুবরণ করেছেন। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অসহায়ভাবে ওই নারীর মৃত্যু হয়।  

ওই নারীর নাম জেবুন্নেসা করিম (৪৫)। তার স্বামী রেজাউল করিম কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়িতে কর্মরত সাংবাদিক।  

ওই নারীর আত্মীয় জানান, জেবুন্নেসা কয়েকদিন ধরে শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করাতে বলেন। 

ওই আত্মীয় জানান, তখন জেবুন্নেসার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। কারণ আইসিউর কোনো বেড খালি ছিল না। পরে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। 

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সোমবার বিকেলে নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ওই নারীকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত