করোনার জাল সনদ বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:০৬ এএম

রাজধানীর মুগদায় করোনার জাল সনদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার উত্তর মুগদায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ফাইজুল ইসলাম জানান, মুগদা জেনারেল হাসপাতালের করোনা রোগীদের সনদের কপি সংগ্রহের পর তা স্ক্যান করে সেখানে অন্য জনের নাম বসিয়ে বিক্রি করে আসছিল একটি চক্র। যাদের করোনার নেগেটিভ রিপোর্ট দরকার হতো, জাল সনদ তৈরি করে মোটা অঙ্কের টাকায় তাদের কাছে তা বিক্রি করত তারা। সোমবার গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ৪ জুন একই অপরাধে সাভার থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তাদের মধ্যে সাঈদ মিয়া নামে একজন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া সনদ বিক্রি করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত