আজই ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়ে টানা অষ্টমবার বুন্দেসলিগা জয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে চান বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
বায়ার্ন আছে দারুণ ফর্মে। তাই লিগের রেলিগেশন জোনে (১৭ নম্বর) থাকা ব্রেমেনের বিপক্ষে সহজ জয়ই আশা করছেন সমর্থকরাও। মনশেনগ্লাডবাখের বিপক্ষে আগের ম্যাচে না থাকলেও এই ম্যাচে ফ্লিক পাচ্ছেন রবার্ট লেভানডোস্কি ও থমাস মুলারকে। মুলার লিগে সর্বোচ্চ (২০টি) অ্যাসিস্ট করেছেন। ফ্লিক বলেন, ‘মঙ্গলবারই আমরা আমাদের কাজটি (শিরোপা নিশ্চিত) করে ফেলতে চাই। (জয়) এটাই আমাদের লক্ষ্য হবে। আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি, জয়ের ধারা বজায় রাখতে চাই।’
লিগে সবশেষ ১০ ম্যাচ জিতেছে বায়ার্ন। আজকেরটি ছাড়া বাকি থাকবে আরও দুই ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বাভারিয়ানরা। আজ জয় পেলে তা হবে ১০ পয়েন্ট। এরপর ডর্টমুন্ড তাদের বাকি তিন ম্যাচ জিতলেও লাভ হবে না।
