শামীমাকে ঢুকতে দেওয়া হবে না : পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৭ জুন ২০২০, ০৫:৫৯ এএম

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে ‘আইএস বধূ’ হওয়া শামীমা বেগমকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীমা বেগম কখনই বাংলাদেশের নাগরিক ছিলেন না। এ সংক্রান্ত তার কোনো অধিকার নেই। ফলে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো অবকাশ নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে ১৫ বছর বয়সে লন্ডন ছাড়েন শামীমা বেগম। চার বছর পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তার খোঁজ পাওয়া যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। এর বিরুদ্ধে আবেদন করেন শামীমা বেগমের আইনজীবীরা। তবে যুক্তরাজ্যের একটি ট্রাইব্যুনাল রায় দেয়, শামীমা বংশানুক্রমিকভাবে বাংলাদেশের নাগরিক এবং তিনি রাষ্ট্রহীন নন। তাই তার যুক্তরাজ্যের নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে। তিনি বাংলাদেশে নাগরিকত্ব চাইতে পারেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ব্যক্তি পুরোপুরি রাষ্ট্রহীন হলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া অবৈধ। এরপর শামীমা তার মায়ের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব লাভের আবেদন করার চেষ্টা করেছিলেন। তবে শুরু থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত