করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ তিনজন মারা গেছেন। নরসিংদীতে জ্বর, ঠাণ্ডা নিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকার নবাবগঞ্জে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মারা যান এক বৃদ্ধা। করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরে একজন এবং ময়মনসিংহের ভালুকায় ঢাকাফেরত আরেক জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
পটুয়াখালী : গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে সদর উপজেলার নন্দকানাই এলাকার আবু জাফর (৬০) ও পৌর শহরের গোরস্থান রোড এলাকার হাসিনা বেগমের (৬৫) মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে ৬টার দিকে টাউন জৈনকাঠী এলাকার নিজ বাড়িতে মমতাজ বেগম নামে এক নারী মারা যান। তিনজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
নরসিংদী : গতকাল সকালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনীল সাহা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা সুনীল পাকিজা মিলে কাজ করতেন। তিনি ১০ থেকে ১৫ দিন ধরে জ্বর, ঠাণ্ডায় ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হয়।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে প্রমীলা ভেরনীকা গমেজ (৮৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার গাজীপুর পাগার এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। গতকাল সকালে গোল্লা গির্জায় তার সৎকার হয়েছে। প্রমীলা যন্ত্রাইল ইউনিয়নের গুরগুলির বাড়ির বালির ডিয়র গ্রামের সিমফম গমেজের স্ত্রী। তিনি গাজীপুর পাগার এলাকায় থাকতেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম জানান, প্রমীলা ১০-১২ দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মাদারীপুর : মাদারীপুর সদর হাসপাতালে সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার (৫০) নামে একজন মারা গেছেন। তার বাড়ি মাদারীপুর পৌরসভার কুলপদ্দি এলাকায়। সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মারা যাওয়ার পর পরানের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) : জ¦র ও শ^াসকষ্ট নিয়ে মঙ্গলবার সকালে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় মাহবুবুল আলম নামে এক ব্যক্তি মারা যান। স্থানীয়রা জানান, মাহবুবুল সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এরপর থেকে জ¦র ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
