করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ অনুপাতে ঘোষিত ‘রেড জোন’ বা ‘লাল অঞ্চলের’ অধস্তন আদালত এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীরা সরকারঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। তবে এ সময়ে আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানায়।
কভিড-১৯ রোগীর সংখ্যানুপাতে গত রবিবার ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৫টি ও চট্টগ্রাম সিটির ১১টি এলাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি। ‘রেড জোনে’ গত সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক নির্দেশিকায় বলা হয়, ‘উপযুক্ত কর্র্তৃপক্ষ কর্র্তৃক ঘোষিত লাল অঞ্চলে অবস্থিত অধস্তন আদালত/আদালতসমূহ এবং বসবাসকারী অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ সরকার কর্র্তৃক ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’
এতে আরও বলা হয়, সাধারণ ছুটিকালে আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ‘রেড জোন’সহ দেশের সব জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি মামলার জন্য এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
