ভারত-চীনের লাদাখ সীমান্তের ‘নো ল্যান্ডস ম্যান’ অঞ্চলে নতুন একটি পোস্ট বসানোর জায়গা ঠিক করা নিয়ে দুপক্ষ সংঘাতে জড়ায় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুপক্ষের তর্কাতর্কি এক পর্যায়ে প্রাণঘাতী সংঘাতে রূপ নেয়। গালওয়ান নদীর দক্ষিণ তীরের যে জায়গায় চীনের সেনারা নতুন পোস্ট বসানোর চেষ্টা করেন সেটি নিয়ে ভারত প্রথমে আপত্তি তোলে।
হাতাহাতির এক পর্যায়ে কয়েক জন ভারতীয় সেনাকে নদীতে ফেলে দেয়া হয় অথবা তারা পড়ে যান। কয়েক জনের লাশ নদীতে পাওয়া গেছে। কয়েক জনের শরীরে ‘বর্বরতার’ চিহ্ন ছিল। কয়েক জন আবার হাইপোথারমিয়ায় মারা যান।
নিজেদের সেনাদের ব্যাপারে ভারত এভাবে তথ্য দিলেও চীন বিস্তারিত কিছু জানায়নি।
ভারতের দাবি, সোমবার সেনারা নিয়ন্ত্রণ রেখায় দায়িত্ব পালন করা অবস্থায় গুরুতর আহত হয়। ওদিকে চীনের দাবি, ভারত আগে তাদের সেনাদের আক্রমণ করেছে।
লাদাখে দুই দেশ এভাবে সবশেষ সংঘাতে জড়ায় সেই ১৯৭৫ সালে।
নতুন পরিস্থিতিতে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। যেসব সীমান্ত এলাকায় দুই দেশের সশস্ত্র বাহিনী সামনাসামনি মোতায়েন আছে, সেখানে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তবে দেশ দুটি বারবার বলছে, তারা কিছুতেই যুদ্ধে জড়াতে চায় না।
