টাঙ্গাইলের মির্জাপুরে দুই দম্পতি, এক মুক্তিযোদ্ধা ও এক ব্যাংক কর্মকর্তাসহ একদিনে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শামসুল আলম (৬০) নামে ব্যবসায়ী ও শমসের আলী (৬৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে ব্যবাসায়ী ও সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে কৃষকের মৃত্যু হয়।
গত ৯ জুন তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষার ফল আসার আগেই তাদের মৃত্যু হল। এ নিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন ও করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ জন।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৯ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ১০ জুন ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
বুধবার মৃত দুইজন ও দুই দম্পতি ও এক মুক্তিযোদ্ধাসহ ১৩ জনের করোনা শনাক্তের খবর পায় তারা।
এছাড়া উপজেলার হাড়িয়া গ্রামের বাসিন্দা ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার (৩৭) অন্যত্র নমুনা দিয়ে করোনা শনাক্ত হয়েছেন।
মৃতরা হলেন- উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের কৃষক শমসের আলী। তাদের নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জন।
এদিকে আজকের ১৪ জনসহ এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং ২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের করা হয়েছে।
