করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বুধবার বিকেলে মন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, আজ (বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। কিছুক্ষণ আগে নমুনায় করোনার রেজাল্ট পজিটিভ আসে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকশী দেশ রূপান্তরকে বলেন, লক্ষণ
থাকায় ঈদের আগে একবার বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন ফলাফল নেগেটিভ এসেছিল। সম্প্রতি আবার তার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। কিন্তু এবার ফলাফল পজিটিভ আসে। জানা গেছে, গতকাল সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তি হয়েছেন বাণিজ্যমন্ত্রী। সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি। সুস্থতার জন্য বাণিজ্যমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজনৈতিক অঙ্গনের একটি পরিচিত নাম টিপু মুনশি। পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেন।
গত ১১ জুন সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ও ১৫ জুন সম্পূরক বাজেট পাসের দিন সংসদ অধিবেশনেও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন। এরপর ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের আক্রান্ত হওয়ার খবর আসে।
গত ১৪ জুন রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষা করে তার করোনা সংক্রমণ পাওয়া যায়।
