বিএসএফের ছোড়া ককটেলের আঘাতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৮ জুন ২০২০, ০৫:৫৪ এএম

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলের আঘাতে আবদুল বারী সাহু (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। গতকাল বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পাতাড়ী গ্রামের আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। বারী উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বারীসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে পাতাড়ী গ্রামের আদাতলা বিজিবি ক্যাম্পের ২৪২ নম্বর মেইন পিলারের ১৩-আর এলাকা দিয়ে প্রবেশের সময় ১৫৯ বিএসএফ খুঁটাদহ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় সবাই পালাতে সক্ষম হলেও বারী আহত হন। হামাগুড়ি দিয়ে সীমান্ত পেরিয়ে তিনি নো ম্যান্স ল্যান্ডের পুনর্ভবা নদীতে এসে পড়েন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন নদীর কিনার থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি মারা যান।

আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল হান্নান বলেন, ‘বারী বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি। মঙ্গলবার রাতে সেসহ কয়েকজন গরু আনতে ভারত যায়। ভোরে ফেরার পথে খুঁটাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে। এতে বারী গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত