চীনা মেডিকেল টিম থেকে চিকিৎসকরা লাভবান হবেন : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০২০, ০৫:৫৭ এএম

চীনের মেডিকেল টিম থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের চিকিৎসকরা লাভবান হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘করোনা প্রতিরোধে চীন আমাদের পাশে দাঁড়িয়েছে। দেশটির সরকার, আলিবাবা, জ্যাক মা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান মাস্ক, পিপিইসহ নানা সুরক্ষাসামগ্রী দিয়ে সহায়তা করছে।’

গতকাল বুধবার ঢাকা, সিলেট ও চট্টগ্রামের চিকিৎসকদের সঙ্গে চীনা মেডিকেল টিমের সদস্যদের ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, চীনা মেডিকেল টিম থেকে বাংলাদেশের চিকিৎসক ও টেকনোলজিস্টরা লাভবান হবেন। করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ও চীন পরস্পরকে সহযোগিতা করছে। এই কঠিন সময়ে চীনের সহযোগিতা আমরা অবশ্যই স্মরণে রাখব।’

গত ৮ জুন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে ১০ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় আসে। টিমের সদস্যরা করোনা রোগীদের চিকিৎসা ছাড়াও মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষাগারে কাজ করছেন। ভাইরাস নিয়ন্ত্রণ, চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শও দিচ্ছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত