করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থা জানিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, এখন পরিস্থিতি উন্নতির দিকে। তবে প্রথম ২-৩দিন খুব কঠিন সময় পার করতে হয়েছে।
ফেইসবুক লাইভে যুক্ত হয়ে আফ্রিদি বলেন, ‘আমার অসুস্থতার খবর শুনে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাই এই ভিডিও’র মাধ্যমে আমার শরীর কেমন আছে জানাতে চাই। সত্যি বলতে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথম ২-৩ দিন খুবই কঠিন সময় গেছে। এরপর ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।’
গত সপ্তাহে আফ্রিদি নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে গুজব শুরু হয়। সেই গুজব দূর করতেই আফ্রিদি বুধবার ফেইসবুক লাইভে আসেন।
বলেন, ‘আমাকে নিয়ে উদ্বেগের কিছু নেই। করোনার বিরুদ্ধে এই কয়েকদিন আমাকে লড়াই করতে হবে।’
তবে করোনা আক্রান্ত হওয়ায় এই সময়ে সন্তানদের কাছে যেতে পারছেন না। এ জন্য বেশ কষ্ট পাচ্ছেন বলে জানান আফ্রিদি, ‘এই সময় সবচেয়ে বড় কষ্ট আমি আমার মেয়েদের সঙ্গে দেখা করতে পারছি না। ওদের জড়িয়ে ধরে আদর করার পরিস্থিতি নেই। আমি আমার সন্তানদের মিস করছি। কিন্তু পরিস্থিতির সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে।’
পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি দ্বিতীয় তারকা যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে দেশটির সাবেক ওপেনার তৌফিক উমর করোনায় আক্রান্ত হন। তবে কদিন আগেই তিনি ভাইরাস মুক্ত হয়েছেন।
