হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর আত্মহত্যা!

আপডেট : ২১ জুন ২০২০, ০৬:১৪ এএম

রাজধানীতে হাসপাতাল থেকে পালিয়ে আব্দুল মান্নান খন্দকার (৪১) নামে এক করোনা রোগী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকালে আদাবরে হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

আদাবর থানার এসআই আব্দুল মোমিন জানান, গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মান্নান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত শুক্রবার রাতে পালিয়ে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন। ১১ তলা ভবনের ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তান নিয়ে তিনি থাকতেন।

মান্নানের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত জানিয়ে এসআই মোমিন বলেন, তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আদাবর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে মান্নান করোনা আক্রান্ত ছিলেন। এজন্য তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে।’

মৃতের শ্যালক মুসা আজাদি বলেন, ‘আপার সঙ্গে দুলাভাইয়ের শুক্রবার রাতে কথা হয়েছিল। তখন দুলাভাই আপাকে ফোনে বলেন, আমি তো একটু আগে মরে যাইতে লাগছিলাম। প্রচণ্ড কষ্ট হইছে। কী হয়েছিল জানতে চাইলে তিনি কল কেটে ফোন বন্ধ করে রাখেন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে খবর পাই উনি পালিয়েছেন। এর মধ্যে জানতে পারি ঝুলন্ত অবস্থায় দুলাভাইকে পাওয়া গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত