লকডাউন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বন্ধের আহ্বান নাছিরের

আপডেট : ২১ জুন ২০২০, ০৬:৩০ এএম

লকডাউন কার্যকর হওয়া এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বন্ধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, লকডাউন চলাকালে কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠান চালু রাখার অভিযোগ পাওয়া গেছে। তারা শ্রমিকদের কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এমনকি কর্মস্থলে উপস্থিত না হলে চাকরিচ্যুত কিংবা বেতন থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হচ্ছে। এতে বাধ্য হয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠান মালিকরা আমাদের বলছেন এক, আর বাস্তবে করছেন উল্টোটা। তাদের এই লুকোচুরি বন্ধ করতে হবে।

গতকাল শনিবার চসিকের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকায় লকডাউন কার্যকরের চতুর্থ দিন সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে মেয়র এসব কথা বলেন।

মেয়র নাছির বলেন, নগরের প্রথম রেড জোন হিসেবে চিহ্নিত উত্তর কাট্টলী এলাকায় লকডাউন শতভাগ বাস্তবায়ন না হওয়ার পেছনে অপরাজনীতি রয়েছে। এই এলাকার ছয় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। লকডাউনের প্রথম দিনই দুই হাজার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর গত দুদিনে সাড়ে চারশ পরিবারকে সহায়তা করেছেন।

মেয়র বলেন, আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) পক্ষ থেকে দুজন চিকিৎসক এসে লকডাউন এলাকার স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিচ্ছেন। রবিবার (আজ) থেকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু হবে। এক ওয়ার্ডের ২০ জন করে তিন ওয়ার্ডের মোট ৬০ জন স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণ পাবেন। আক্রান্তদের কনটাক্ট ট্রেসিং করা, নমুনা সংগ্রহকারীদের সহায়তা করা, লকডাউন শতভাগ বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ করাসহ নানা কাজ করবে এই স্বেচ্ছাসেবক দল। তবে দিনের পরীক্ষার ফল দিনে প্রকাশে সংশ্লিষ্টদের সক্রিয় হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত