করোনা পরিস্থিতিতে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তত ১০ হাজার শিক্ষককে বিনামূল্যে অনলাইনে পাঠদানের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের ঢাকার সদর দপ্তর ও অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেবে।
গত শনিবার এক ওয়েবিনারের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতিমধ্যে ১০ হাজার শিক্ষক নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রথম দিনে তিন ব্যাচে ১৫০ শিক্ষক প্রশিক্ষণ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক করোনাসংকটে সব স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে। এই সময়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সরকার সে চেষ্টা করছে। সব সংকটের মধ্যেই সম্ভাবনার দিক উন্মোচিত হয়। এখন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, ‘একটা সময় অনলাইন শিক্ষাব্যবস্থায় আমাদের যেতেই হবে এমন ভাবনা এবং সে লক্ষ্যে প্রস্তুতিও চলছিল। করোনার ফলে হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে যা আমরা করতে চেয়েছিলাম, তা এখনই শুরু করতে হচ্ছে।’ প্রশিক্ষণে আগ্রহী শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা অনলাইনে আরও ভালো পাঠদান করতে পারবেন।’
অনুষ্ঠানে কোডার্সট্রাস্ট বাংলাদেশের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল হালিম বলেন, ‘করোনা দুর্যোগ কোনো কোনো ক্ষেত্রে আমাদের সুযোগও তৈরি করে দিয়েছে। এ জন্য আমরা অপেক্ষাকৃত দ্রুত শিক্ষাক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির প্রয়োগে যেতে পারছি।’
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, যুক্তরাষ্ট্র থেকে কোডার্সট্রাস্টের কো-ফাউন্ডার ও ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা আজিজ আহমদ, দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান, কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী প্রমুখ অংশ নেন।
