সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২২ জুন ২০২০, ০৬:২৮ এএম

আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান।

মজিবর রহমান গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, ‘উনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দুই ঘণ্টা পরপর তিনি খাবার খাচ্ছেন। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। প্রেসারও কিছুটা ইম্প্রুভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।’

তিনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাহারা খাতুন। গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করেন।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু পরে আবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সাহারা খাতুনের করোনাভাইরাস টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার কথা জানিয়েছেন চিকিৎসক।

১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ ও মাতার নাম টুরজান নেসা। সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সাহারা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত