কর্মকর্তাদের আইজিপি

বড়লোক হতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে ব্যবসা করুন

আপডেট : ২৩ জুন ২০২০, ০৫:৫৩ এএম

প্রচলিত ধারা থেকে বেরিয়ে সেবা জনগণের কাছে পৌঁছাতে ইউনিয়নকে বিটে ভাগ করে তার দায়িত্বে পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করা হবে, এতে সমস্যার তাৎক্ষণিক সমাধান হবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘কোনো পুলিশ সদস্য অবৈধভাবে কোনো উপার্জন করতে পারবেন না। দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি বড়লোক হতে চায়, তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক, বড়লোক হোক, আমরা তাকে সাধুবাদ জানাব।’

গত রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে ভিডিও কনফারেন্সে দেশের সব মেট্রোপলিটন, রেঞ্জ ও ইউনিটগুলোর প্রধানদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান প্রচলিত ধারা থেকে বেরিয়ে পুলিশি সেবা জনগণের কাছে নিয়ে যেতে চান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, পুলিশি সহায়তা পেতে জনগণকে এখন পুলিশের কাছে আসতে হয়। আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যাতে জনগণকে পুলিশের কাছে আসতে না হয়, বরং পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যাবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে। 

তিনি বলেন, আমাদের দেশের প্রতিটি ইউনিয়নকে একেকটি বিটে ভাগ করে প্রতিটি বিটের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করা হবে। তিনি নিয়মিত ওই ইউনিয়নের মানুষের সুযোগ-সুবিধা, সমস্যা ইত্যাদির খোঁজখবর নেবেন, প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের মতামত জানবেন। তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান করবেন ও কাক্সিক্ষত সেবা প্রদান করবেন।

করোনাকালে পুলিশের সেবার কথা উল্লেখ করে আইজিপি বলেন, করোনার সময় জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের পাশে থেকেছি, তাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি, জীবন বিলিয়ে দিয়েছি।

ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বিট পুলিশিংয়ের সাফল্যের কথা উল্লেখ করে আইজিপি বলেন, এসব এলাকায় বিট পুলিশিং সফল হয়েছে। আমরা সারা দেশে বিট পুলিশিং চালু করতে চাই, মানুষের কাছে যেতে চাই, মানুষের হৃদয় জয় করতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত