শাহজাদপুর উপজেলা

খাদ্য নিয়ন্ত্রক অনিয়ম-দুর্নীতির অভিযোগে শাস্তি বদলি!

আপডেট : ২৩ জুন ২০২০, ০৫:৫৫ এএম

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াছিন আলীকে জেলার তাড়াশ উপজেলায় বদলি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে ৫ দিন আগে বদলি করা হলেও গত রবিবার দুপুরে তিনি এ-সংক্রান্ত চিঠি হাতে পান। তবে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকায় ৩১ জুনের আগে নতুন কর্মস্থলে যোগদান করবেন না বলে জানিয়েছেন ইয়াছিন আলী। তার পরিবর্তে বগুড়া সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেনকে শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে যোগদান করেছেন। সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘ইয়াছিন আলীর এক কর্মস্থলে দুই বছরের অধিক সময় পার হয়েছে। তাই এটা তার নিয়মিত বদলি।’

এর আগে গত ২৭ মে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা শোকজ করেন ইয়াছিন আলীকে। তিনি ওই শোকজের জবাবও দেন। জবাব সন্তোষজনক না হলেও হোম কোয়ারেন্টাইনে থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান শাহ মো. শামসুজ্জোহা। এ ছাড়া ১১ জুন দৈনিক দেশ রূপান্তরে ‘শাহজাদপুরে ডিলারের নামেও কার্ড, গরিবের ১০ টাকার চাল নিয়ে অভিযোগের শেষ নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদন প্রকাশের পরই তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বদলি করা হয়েছে বলে শাহজাদপুরবাসী মনে করছে।

এ ব্যাপারে জানতে চাইলে হোম কোয়ারেন্টাইনে থাকা ইয়াছিন আলী মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘এটা শাস্তিমূলক বদলি কি না, তা জানি না। তবে এখানে আমার যোগদানের দুই বছর পার হয়েছে। তাই এটা নিয়মিত বদলি বলা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত