চসিক আইসোলেশন সেন্টারে ৫ রোগী ভর্তি

আপডেট : ২৩ জুন ২০২০, ০৬:২৪ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার চালুর পর দ্বিতীয় দিনে গতকাল সোমবার আরও তিন রোগী ভর্তি হয়েছেন। ১০ চিকিৎসকের অপারগতায় নির্ধারিত সময়ের পাঁচ দিন পর গত রবিবার এর কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে দুজন ভর্তি হয়েছিলেন।

এ বিষয়ে আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া জানান, দুই দিনে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। করোনা শনাক্তদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন প্রয়োজন হলে, এখানে রেখে চিকিৎসা দেওয়া হবে। আইসিইউ ছাড়া সব ব্যবস্থা রয়েছে।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা রোগী বাড়তে থাকায় আমরা আইসোলেশন সেন্টার নির্মাণে উদ্যোগ নিই। কিন্তু কিছু অমানবিক চিকিৎসকের কারণে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা যায়নি। রবিবার থেকে তিন শিফটে চসিকের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। তাদের শতভাগ সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সামশুদ্দোহা বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আগামী তিন মাসের জন্য সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এখানে ৫০টি অক্সিজেন সিলিন্ডার, ৫০টি অক্সিজেন মাস্ক, ৫০টি অক্সিজেন মিটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সেবা দিতে রাজি না হওয়ায় ১৬ জুন চসিক ১০ চিকিৎসককে চাকরিচ্যুত করে। নতুন চিকিৎসক নিয়োগের পরই কার্যক্রম শুরু হয়।

জেলা সিভিল সার্জনের তথ্যে, গত রবিবার পর্যন্ত চট্টগ্রামে ৬ হাজার ৬৮০ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৪৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত