নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে গাড়ি চাপায় নিহত হয়েছেন দুই নৈশপ্রহরী। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে ফতুল্লার শিল্পনগরী বিসিকের ২নং সড়কের ৫নং গলির সামনের রাস্তায়।
নিহতরা হলেন- নাটোর জেলার সিংড়া থানার গোদিজান বেওয়া গ্রামের মৃত তাজুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৭০) ও নীলফামারী জেলার জলঢাকা থানার কেমারী দেলপাড়া গ্রামের শ্রী সুরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে শ্রী লাল চাঁদ রায় (৩৮)। তারা উভয়েই ফতুল্লা এনায়েতনগরে ভাড়া বাসায় বাস করতেন।
ফতুল্লা মডেল থানার এসআই মোদাচ্ছের হোসেন দেশ রূপান্তরকে জানান, নিহত দুজনেই নৈশপ্রহরী। সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬’টার মধ্যে কোনো এক সময়ে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, নিহতরা সোমবার দিবাগত রাতে বিসিক ২নং রোডের ৫নং গলির সরু রাস্তায় ডিউটি করাকালীন রাতের কোনো এক সময়ে ঘুমিয়ে পড়েন। ঘুমন্তাবস্থায় রাতের কোনো এক সময়ে তাদেরকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পোস্টমোর্টেমের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চাপা দেওয়া গাড়িকে শনাক্ত করাসহ চালককে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
