সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে।
উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)।
আহতরা হলেন- একই এলাকার ইয়াকুব হোসেন ও সানোয়ার মিয়া। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, এ দিন সকালে উপজেলার পাঁচলিয়া এলাকায় একটি চলন্ত পাথরবাহী ট্রাককে পেছন থেকে ইটবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দুই শ্রমিক আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ছাড়া দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর উভয় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
