সড়কেই প্রাণ গেল ভ্যানে কাঁচামাল বিক্রেতার

আপডেট : ২৪ জুন ২০২০, ০৪:১৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৩৫) নামে এক কাচামাল ব্যাবসায়ী নিহত হয়েছে। তবে কোন গাড়ির চাপায় এই দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ি থানা পুলিশ।

নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তিনি গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলাই গ্রামে থাকেন। তাদের বাবার নাম আহমেদ গাজী। তিন ভাইবোনের মধ্যে ছোট শাহআলম বেশ কয়েকবছর আগে ঢাকায় চলে আসে।

তিনি বলেন, শাহ আলম ঢাকায় শনিরআখড়া থাকতো ও অটোরিকশা চালাতো বলে জানতাম। আমরা কখনো তার বাসায়ও আসিনি।

বড় ভাই বলেন, আজ সকালেই পুলিশের মাধ্যমে শুনতে পাই শাহ আলম সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে যাত্রাবাড়ী থানায় এসে অবিবাহিত শাহ আলমের লাশ শনাক্ত করি।

সড়ক দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদশর্ক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রায়েরবাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং রোডে এসএ গ্রুপ এর দক্ষিণ পাশ দিয়ে পায়ে হেটে রাস্তা পার হবার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে। তবে কোনো গাড়ি চাপায় এই দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই তার স্বজনদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে তার পরিচয় জানা সম্ভব হয়।

এইআই জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি শাহ আলম শনিরআখড়ায় ভ্যানে করে কাঁচামাল বিক্রি করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত